নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদ উৎসবের আয়োজনের অংশ হিসেবে মুক্তি পাবে ‘আনার কলি’। ঈদের সময় এটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নায়কের নাম আনার, নায়িকার নাম কলি—দুজনই ঢাকা শহরের নিম্নবিত্ত জীবনের মানুষ। একজন ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করেন, অন্যজন বিক্রি করেন কাচের সামগ্রী। তাদের এই জীবনের টানাপোড়েন আর দ্বন্দ্ব নিয়েই নির্মিত হয়েছে নতুন নাটক ‘আনার কলি’।
নাটকটিতে আনার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। অদ্ভুত এই গল্পটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। নাটকটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে ছিলেন মোস্তাক মোরশেদ।
গল্প প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এটি শহরের একেবারে নিম্নবিত্ত দুজন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে। এই শহরের এই শ্রেণির মানুষগুলোর জীবনসংগ্রামের কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গল্পটি দর্শকের মন ছুঁয়ে যাবে। একই সঙ্গে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সারিতে আছি, তাদের বিবেকেও কিছুটা নাড়া দেবে।’
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদ উৎসবের আয়োজনের অংশ হিসেবে মুক্তি পাবে ‘আনার কলি’। ঈদের সময় এটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।